সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : 09:19:30 pm, Wednesday, 17 December 2025 212 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ, ভারতীয় শাড়ি, ওষুধ ও আগরবাতি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ ও বোয়ালিয়া এলাকা থেকে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়। একই দিন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোবিন্দকাঠী এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপি উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ১১ হাজার ৭০০ টাকা এবং হিজলদী বিওপি গোবরপোতা এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি উদ্ধার করে। চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
সব মিলিয়ে অভিযানে ৪ লাখ ৪২ হাজার ২০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম কমে আসছে বলে জানিয়েছে বিজিবি।
























