ইনকাম ট্যাক্স আইন ২০২৩–এর বিতর্কিত ধারা চ্যালেঞ্জ: আইনজীবীদের রিটে হাইকোর্টের রুল জারি
- আপডেট সময় : 06:47:20 pm, Sunday, 16 November 2025 234 300 বার পড়া হয়েছে

আইনজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার ও আত্মসম্মান রক্ষার লক্ষ্যে একদল তরুণ আইনজীবী ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর একটি বিতর্কিত বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটের প্রাথমিক শুনানি শেষে মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সন্তুষ্ট হয়ে রুল নিসি জারি করেন।
রুলে প্রশ্ন তোলা হয়েছে—
ইনকাম ট্যাক্স আইন, ২০২৩–এর ধারা ৩২৭(৩) কেন সংবিধানের সাথে এবং কেন বাংলাদেশ বার কাউন্সিল আইনের সাথে অসংগত নয়, সে বিষয়ে প্রতিপক্ষকে ব্যাখ্যা দিতে।
উক্ত ধারা অনুযায়ী “কর আইনজীবী” হিসেবে বার কাউন্সিল–সনদপ্রাপ্ত আইনজীবী ছাড়াও আরও চার ধরনের পেশাজীবীকে অনুমোদন দেওয়া হয়েছে—
১) অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
২) অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট
৩) অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারি
৪) বোট কর্তৃক সনদপ্রাপ্ত ব্যক্তি
তরুণ আইনজীবীদের বক্তব্য, এ বিধান বার কাউন্সিল আইনকে পাশ কাটিয়ে আইনজীবী নয় এমন ব্যক্তিদের “কর আইনজীবী” হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে আইনজীবী পেশার সাংবিধানিক কাঠামো দুর্বল হচ্ছে এবং সংবিধানের ২২, ৩১, ৪০ ও ১০২ অনুচ্ছেদ লঙ্ঘিত হওয়ার প্রশ্ন উঠছে।
তাঁরা বলেন—বাংলাদেশে আইন পেশায় সনদ প্রদানের একমাত্র আইনগত কর্তৃপক্ষ বাংলাদেশ বার কাউন্সিল। অথচ ইনকাম ট্যাক্স আইন ২০২৩–এ আইনজীবী ব্যতীত অন্য পেশাজীবীদের এই ভূমিকায় অন্তর্ভুক্ত করা পেশার স্বাধীনতা ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর পরিপন্থী।
তরুণ আইনজীবীরা আরও জানান, আইন প্রণয়নের পূর্বে বার কাউন্সিল উপযুক্ত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, রুলের চূড়ান্ত শুনানির আগে অথবা শুনানির সময় বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
রিটের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী Md. Juwel Azad-কে সামাজিক মাধ্যমে হেনস্তা করার ঘটনাকে নিন্দা জানিয়ে তারা বলেন—এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও পেশার মর্যাদার পরিপন্থী। তাঁর সাহসী ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানান তরুণ আইনজীবীরা।
রিট দাখিল ও শুনানিতে সহযোগিতা করেন বিজ্ঞ আইনজীবী Rafsan Alvi, Ruhul Amin, Rois Uddin, Biplab Kumar Poddar, Nishat Mahmood, K A Munni Yousuf, Abeeda Asfa Promee প্রমুখ।
শেষে আইনজীবীরা বলেন—
আইনজীবী হিসেবে পেশার সম্মান, স্বাধীনতা ও আইনগত মর্যাদা রক্ষার এই সংগ্রামে যুক্ত থাকতে পেরে তারা গর্বিত।
























