আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : 10:20:15 pm, Thursday, 13 November 2025 268 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলা উদ্দীনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আশাশুনি বালির মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলা উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন প্রমুখ।
মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থকে পরিপূর্ণ মাঠে প্রধান অতিথি কাজী আলা উদ্দীন বলেন,
> “উৎপাদন ও উন্নয়নের রাজনীতির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশীর্বাদ বুকে ধারণ করে বলছি— আমি নির্বাচিত হই বা না হই, আশাশুনির সর্বাত্মক উন্নয়নে কাজ করে যাব। ইতিমধ্যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তা প্রদানসহ উন্নয়নের নজির সৃষ্টি করতে শুরু করেছি।”
সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
























