আশাশুনিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে শেষ মৎস্যজীবী খায়রুজ্জামানের স্বপ্ন ১১টি বেড় জালে অগ্নিসংযোগ, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
- আপডেট সময় : 09:21:30 pm, Monday, 20 October 2025 136 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে মৎস্যজীবী খায়রুজ্জামানের ১১টি বেড় জাল। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এক বছরের পরিশ্রমে তৈরি জাল মুহূর্তেই আগুনে ভস্মীভূত হওয়ায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি ও আরও ৩০ জন মৎস্যজীবী।
সরেজমিনে জানা গেছে, চাকলা গ্রামের নূর মোহাম্মদ বিশ্বাসের পুত্র খায়রুজ্জামান পেশায় একজন সাগরগামী জেলে। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরার জন্য নতুন বেড় জাল তৈরির কাজে ব্যস্ত ছিলেন। বন বিভাগের অনুমতি পেলেই সোমবার সকালে দুবলার চর এলাকায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার কথা ছিল তাদের।
কিন্তু তার আগের রাতেই দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে খায়রুজ্জামানের ১১টি বেড় জালে আগুন লাগিয়ে দেয়। এতে মুহূর্তেই সব জাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় মাওলানা তৌহিদুজ্জামান বলেন,
> “রাতে চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি খায়রুজ্জামানের জাল দাউদাউ করে জ্বলছে। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পেট্রোলের কারণে সম্ভব হয়নি।”
অন্য এক প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান,
> “আগুন নেভানোর পর রাস্তার উপর থেকে একটি গ্যাস লাইট পাওয়া যায়।”
এ ঘটনায় খায়রুজ্জামান বাদী হয়ে আশাশুনি থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন,
> “এজাহার পেয়েছি, মামলা হবে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু দাউদ জানান,
“ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। রাত ২টা পর্যন্ত তারা জালের কাছে ছিলেন। এরপর রাত ৩টার দিকে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।”
ঘটনার পর এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত খায়রুজ্জামান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনা করেছেন।





























