সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- আপডেট সময় : 06:22:23 pm, Tuesday, 7 October 2025 177 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনূজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের সম্মানিত নাগরিক। আজ যারা নবীন, কাল তারাই প্রবীণ হবেন। প্রবীণদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাই প্রবীণদের মর্যাদা ও অধিকার রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।


























