সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও
- আপডেট সময় : 03:50:25 pm, Monday, 6 October 2025 171 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ : সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জনের অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
৬ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে “সাতক্ষীরা জেলাবাসীর” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা এবং জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, সিভিল সার্জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম, দুর্নীতি ও কর্মস্থলে অসদাচরণের মতো নানা অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং সরকারি বাসভবনে অনৈতিক আচরণের অভিযোগও উঠেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে মাদক সেবন ও নারী সংশ্লিষ্ট অভিযোগে একটি তদন্ত হলেও তা ছিল ‘লোকদেখানো’। তদন্তের দিন তাকে ঘিরে যে ধরনের আপ্যায়ন করা হয়েছে, তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে বলে তারা জানান।
এ সময় মানববন্ধন থেকে সিভিল সার্জনের অপসারণের পাশাপাশি অফিসের প্রধান সহকারী আশিক নেওয়াজেরও অপসারণ দাবি করা হয়।
এদিকে কোনো কারণ ছাড়াই সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করায় স্থানীয় স্বাস্থ্যসেবায় অস্থিরতা দেখা দিয়েছে বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।


























