জমি নিয়ে বিরোধে হাতাহাতি, আহত ৩
- আপডেট সময় : 07:35:38 pm, Wednesday, 24 September 2025 168 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজ, সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোঃ কামরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম ও তাদের এক ভাইপো রয়েছেন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে আঃ করিম ও আবু জাফর পরিবারের মধ্যে জমির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবু জাফরের ছেলে জাকারিয়া, কিবরিয়া ও আসিব লোহার পাইপ ও রড দিয়ে হামলা চালালে কামরুল, মনিরুল ও তাদের ভাইপো আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীরা জানান, এই জমি নিয়ে পূর্বেও একাধিকবার বসাবসি হয়েছে। পৌরসভার আমিন ও স্থানীয় মেম্বারদের উপস্থিতিতে মাপঝোক করা হলেও আবু জাফরের পরিবার তা মানতে রাজি হয়নি। বরং প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে আসছেন জাকারিয়া ও কিবরিয়া।
স্থানীয়দের অভিযোগ, অল্প কয়েক বছরের ব্যবধানে জাকারিয়া ও কিবরিয়া বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এক সময় ভ্যানচালক ও দিনমজুর পরিবারের এই সদস্যরা এখন এলাকায় বহুতল ভবন নির্মাণসহ বিলাসবহুল জীবনযাপন করছেন। এর পেছনে অবৈধ ব্যবসার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন তারা।
আহত কামরুল ও মনিরুল বলেন, “আমরা চাইলে আইনি পথে সমাধান করবো। মীমাংসা না হলে মামলা দায়ের করবো।”
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুর আলম বাবু বলেন, “জমির সীমানা নিয়ে বিরোধের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। চিকিৎসাধীনদের অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উভয় পক্ষকে বসিয়ে সমাধানের চেষ্টা করা হবে।”


























