সাতক্ষীরা-০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদে আশাশুনিতে জামায়াতের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : 09:14:49 pm, Saturday, 23 August 2025 199 300 বার পড়া হয়েছে

এস.এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি:বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত বিজ্ঞপ্তিতে (৩০ জুলাই ২০২৫) সাতক্ষীরা-০৪ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে এবং আশাশুনিকে পূর্বের মতো সাতক্ষীরা-০৩ আসন হিসেবে ফিরিয়ে আনার দাবিতে আশাশুনিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্যে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত আশাশুনি (সাতক্ষীরা-০৩) ও শ্যামনগর (সাতক্ষীরা-০৫) আলাদা সংসদীয় আসন ছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসন পুনর্গঠন করে তা পরিবর্তন করা হয়। এবারে আশাশুনি ও শ্যামনগরকে একীভূত করে সাতক্ষীরা-০৪ আসন করা হলে বিষয়টি আরো জটিল হয়েছে।
তিনি উল্লেখ করেন, আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা থেকে শ্যামনগরের হরিনগর পর্যন্ত দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। দুই উপজেলা অসংখ্য নদী-নালায় বেষ্টিত হওয়ায় কোনো সড়ক বা সেতু যোগাযোগ ব্যবস্থা নেই। ফলে জনগণের দুর্ভোগ বেড়েছে বহুগুণ।
তিনি আরও বলেন, উপকূলীয় এ অঞ্চলটি প্রতি বছর ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জলোচ্ছ্বাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র ভোটার সংখ্যার ভিত্তিতে নয়, ভৌগলিক অবস্থান ও দুর্যোগপ্রবণতার বিষয় বিবেচনা করে আশাশুনিকে পৃথক সংসদীয় আসন হিসেবে পুনর্বহালের জোর দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল বারী ও ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, হাফেজ আব্দুল্লাহ, মাও. আ. হাই প্রমুখ উপস্থিত ছিলেন।




























