আশাশুনির প্রতাপনগরে ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : 09:02:28 pm, Saturday, 23 August 2025 263 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নং প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিল ও পুনরায় ভোটের মাধ্যমে কাউন্সিল করার দাবী জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ মুনজুর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ আগস্ট ২০২৫ তারিখে ৬ নং ওয়ার্ড হিজলিয়া ও কোলা এলাকার সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণের দিন ধার্য্য ছিল। কিন্তু সেদিন সম্মেলনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এতে অনেক ভোটার অংশ নিতে পারেননি। পরে একতরফাভাবে হাবিবুর রহমানকে সভাপতি, মোঃ আঃ বারিককে সাধারণ সম্পাদক এবং অলিউর রহমান গাজীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
তিনি অভিযোগ করেন, ভোট শুরুর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিছু সংখ্যক ভোটার ও ভোটারবিহীন লোকজন নিয়ে ৪ নং ওয়ার্ডে ভোট গ্রহণ করেন, যেখানে অধিকাংশ ভোটার, সার্চ কমিটির সদস্য ও পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন না। বিশেষ করে নদী পারাপার ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে অনেক ভোটার ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেননি।
মুনজুর হোসেন আরও বলেন, ১০৯ জন ভোটারের মধ্যে মাত্র ৬২ ভোট গণনা করা হয় এবং তিন পদে প্রতিটি প্রার্থী ৬২ ভোট পেয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। তড়িঘড়ি করে ফলাফল ঘোষণা করে সাস কমিটির নেতৃবৃন্দ স্থান ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এভাবে একতরফাভাবে ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। এ বিষয়ে তারা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন— সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম, প্রতাপনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি প্রমুখ।





























