সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম বাহিনীর সহযোগী অস্ত্রসহ আটক
- আপডেট সময় : 09:31:29 pm, Wednesday, 25 June 2025 144 300 বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, বাগেরহাট:সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে (৩৭) অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) ভোর ৬টায় মোংলা কোস্ট গার্ড বেইসের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
আটক মিঠু খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। কোস্ট গার্ড মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। তিনি দলের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে নিয়মিত সহায়তা করতেন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, সাঁড়াশি অভিযান চালিয়ে সুন্দরবনকে জলদস্যু ও ডাকাত মুক্ত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এর ফলে জেলে ও মাছ শিকারিরা এখন অধিক নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারছেন।
কোস্ট গার্ড মোংলা জোন, লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদের বিবৃতি।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
























