মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা
সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে কয়রা উপজেলার কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা নদীপথে বিশেষ অভিযান চালায়। এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উদ্ধারকৃত কাঁকড়াগুলো বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন বলেন, “দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ