এস এম জিন্নাহ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা, আসামিদের প্রকাশ্যে চলাফেরা এবং দায় এড়াতে সংবাদ সম্মেলনের আয়োজন—এই তিন ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শহরে সদর দলিল লেখক সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতারা তাদের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
তবে স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস এম জুলফিকার আলী জিন্নাহ-এর ওপর হামলার দায় এড়াতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান। বক্তব্যে গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সংঘটিত ঘটনার জন্য সাংবাদিক জিন্নাহকে দায়ী করা হয় এবং তার গ্রেপ্তারের দাবি জানানো হয়।
অন্যদিকে, স্থানীয় সাংবাদিকদের দাবি—নির্ধারিত ‘সিন্ডিকেট’-এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সাংবাদিক মহলের অভিযোগ, মামলার আসামি হয়েও দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ জামিন ছাড়াই প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় ঘোরাফেরা করছেন এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন—যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে ‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এর আগে একই ঘটনায় রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসির অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
বর্তমানে পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও কর্মসূচিকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীনুর রহমান বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন—এমন তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ