মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উৎসবমুখর ও সেবামূলক আয়োজনের মধ্য দিয়ে। রবিবার (২০ জুলাই) সকাল ৮টায় মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৩ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়, যা এই আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতা নয়, এক মানবিক দায়িত্ববোধের প্রকাশ হিসেবে তুলে ধরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ ইশান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক রাফেয়াত আলী এবং সহ-পরিচালক ও সাংবাদিক আরাফাত আলী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈয়দ জাকির হোসেন, আফছার হোসেন, বাবলুর রহমান, শেখ শামিম হোসেনসহ আরও অনেকে।
বক্তব্যে অতিথিরা হাসপাতালের বিগত এক বছরের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও অসহায় ও দরিদ্র চক্ষুরোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষাংশে চেয়ারম্যান সৈয়দ ইশান বিগত এক বছরের সাফল্য ও প্রতিকূলতার কথা স্মরণ করে আগামীতেও আরও উন্নত ও মানবিক সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ