সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরা শহরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে শহরের পলাশপোল এলাকার মধুমালার ডাঙ্গীতে অভিযান চালানো হয়। র্যাবের একটি চৌকস আভিযানিক দল দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা ইয়াসিন আরাফাতের অবস্থান নিশ্চিত করে তার আস্তানায় হানা দেয়। এ সময় তাকে মাদক বেচাকেনার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
র্যাব আরও জানায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। পলাশপোল এলাকার মধুমালার ডাঙ্গীকে কেন্দ্র করে তিনি একটি সক্রিয় মাদক চক্র গড়ে তুলেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিভিন্ন সময় জাতীয় ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড উঠে এসেছে। এর আগে তিনি সেনাবাহিনীর একটি অভিযানে আটক হয়েছিলেন বলেও জানা গেছে।
র্যাব কর্মকর্তারা জানান, আটক ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ