মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: প্রতিকূল আবহাওয়া আর গভীর নিম্নচাপের মধ্যে খুলনার দাকোপে এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসাসেবা পেতে সহায়তা করে সাহসী পদক্ষেপ দেখিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪টা ৪০ মিনিটে দাকোপ উপজেলার কালাবগি গ্রামের ২৮ বছর বয়সী শরীফা বেগমের প্রসবব্যথা শুরু হলে, দ্রুত চিকিৎসাসেবার প্রয়োজন দেখা দেয়। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে নদীপথে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ থাকায়, তার পরিবার মারাত্মক বিপাকে পড়ে।
পরিস্থিতি উপলব্ধি করে তারা সাহায্যের জন্য যোগাযোগ করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন নলিয়ানের সঙ্গে। বিষয়টি জানার পরপরই একটি উদ্ধার বোট প্রস্তুত করে কোস্ট গার্ড। এরপর শরীফা বেগমকে কালাবগি গ্রাম থেকে চালনা ঘাট হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে স্থানান্তর করা হয়।
কোস্ট গার্ডের দ্রুত ও দক্ষ পদক্ষেপে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় এবং পরে শরীফা বেগম এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ কোস্ট গার্ডের দায়িত্ববোধেরই অংশ। নদী ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি।”
স্থানীয়রা কোস্ট গার্ডের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ