সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় আত্মহত্যা করেছেন আলামিন (২০) নামে এক প্রবাসী যুবক। তিনি ওই গ্রামের ইসহাক আলী মোড়লের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন দুই বছর আগে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি দেশে ফিরে তিনি প্রেমিকাকে বিয়ে করতে চাইলে পরিবারের সদস্যরা রাজি হননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ কক্ষে দরজা বন্ধ করে তিনি ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর খালা ঘরে এসে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং প্রতিবেশীদের ডেকে আনেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার এসআই রাজীব সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন আলামিন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ