জি. এম. আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়া এলাকায় রান্না করা খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে ২ শিশুসহ ৬ জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকা ও বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নাথপাড়ার গৌতম সেনের ছেলে চন্দন সেনের বাড়িতে। জানা গেছে, প্রতিদিনের মতো সেদিন রাতেও পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে তারা ঘরে প্রবেশ করে দেখেন, পরিবারের সব সদস্য অচেতন অবস্থায় পড়ে আছেন।
এ সময় দেখা যায়, শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। স্থানীয় গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে ডেকে এনে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন (৪০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে চন্দন সেন (৪০), তার পিতা গৌতম সেন (৬৫), মাতা মিনা সেন (৬০), মেয়ে কথা সেন (৮) ও লতা সেন (৩)-কে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
গৃহকর্তা গৌতম সেন জানান, দুর্বৃত্তরা নগদ ১৫ হাজার টাকা, ১৩টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর থানার ওসি শামিনুল হক বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ