জি এম আমিনুল হক:সমাজে কিছু মানুষ আছেন, যারা প্রচারের আলোয় না এসে নীরবে মানুষের কল্যাণে কাজ করেন। ধুলিহর সানাপাড়ার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আবু শামীম সানা তেমনি একজন।
গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করে তিনি বিলের ভেতর নেমে খাল খননের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। উদ্দেশ্য একটাই—বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসন করে এলাকার মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করা। তার অক্লান্ত পরিশ্রমের ফলে এবছর বেতনা নদীর খনন শেষ না হলেও দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়েছে, ফলে মানুষের দুর্ভোগও কমেছে।
শুধু খাল খননেই নয়, বর্ষার সময় স্লুইস গেট মেরামত ও পানি নিষ্কাশন নিশ্চিত করাতেও তিনি সরাসরি ভূমিকা রাখেন। সম্প্রতি গ্রামীণ সড়ক সংস্কার কাজেও হাত লাগিয়েছেন। এমএম জয়নালসহ সাংবাদিকরা ও স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে যুগীপোতা এলাকায় রাস্তা সংস্কারকাজে তাকে দেখা গেছে।
প্রচার বিমুখ হলেও মানবিক এই কাজগুলো তাকে প্রশংসিত করেছে। এলাকার মানুষের বিশ্বাস, তার এ ধারা অব্যাহত থাকলে সমাজ আরও উপকৃত হবে।
স্থানীয়রা বলছেন, "আমাদের সমাজের জন্য আবু শামীম সানার মতো সাদা মনের মানুষের বড় প্রয়োজন।"
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ