সাতক্ষীরা প্রতিনিধি: দেশের জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দুর্নীতি ও লুটপাটমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে হবে। সোমবার বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরোয়ার বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। করেছে শুধু নিজেদের। ক্ষমতায় যায়নি একমাত্র জামায়াতে ইসলামী। এবার জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন। জামায়াত ঘুষ, চাঁদাবাজি ও সন্ত্রাস করে না।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “২০ বছর বিএনপির সঙ্গে সংসার করার পর এখন আলাদাভাবে নির্বাচনে যাচ্ছি। কিন্তু বিএনপি এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরে কথা বলছে। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা বা ব্যানার নামানো বন্ধুসুলভ আচরণ নয়।”
এনপিপিকে উদ্দেশ করে গোলাম পরোয়ার বলেন, “তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। জামায়াতে ইসলামী সংস্কার চায় না—এমন অভিযোগ ভিত্তিহীন। ঐক্যমত কমিশনে আমরা প্রথম পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব জমা দিয়েছি।”
তিনি আরও বলেন, “একটা ধারণা আছে—হিন্দু মানেই আওয়ামী লীগ বা নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দেবে—হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।”
কোনও উস্কানিতে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, “একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র করছে। তারা পোস্টার ছিঁড়বে, হামলা করবে—আমরা ধৈর্য ধরব। আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো নির্বাচন পর্যন্ত স্থির থাকব। ধৈর্যের বিনিময়েই বিজয় আসবে, ইনশাআল্লাহ।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা আমীর শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ