আক্তারুল ইসলাম:সাতক্ষীরার তালা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। তালা উপজেলার মেলা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর ভাঙনকবলিত এলাকায় জলাবদ্ধতা নিষ্কাশন প্রকল্পের আওতায় স্লোব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে ব্লক তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ বাঁধ নির্মিত হলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য সিসি ব্লক তৈরির কাজ শুরু হয়। যশোর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে খুলনাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসের মধ্যে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দা স্বাধন মণ্ডল, রফিকুল ইসলাম, নুরুল আমিন, রহিমা বেগম, কামরুল ইসলাম ও রাশিদুল ইসলামসহ অনেকে জানান, তারা কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন। মাঝিয়াড়া মোড় থেকে মেলা বাজার পর্যন্ত বেড়িবাঁধ ভেঙে পড়ায় দীর্ঘদিন ধরে ওই পথটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। এটি তালা বাজারে যাতায়াতের সবচেয়ে সহজ পথ হওয়ায় এখন তাদের প্রায় দুই কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে উপজেলা শহরে যেতে হচ্ছে।
তারা আরও বলেন, “এখন স্লোব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি। বাঁধটি নির্মিত হলে আমাদের যাতায়াতের সমস্যা যেমন কমবে, তেমনি নদীভাঙনের ভয় থেকেও মুক্তি মিলবে। কাজের মান ভালো হচ্ছে। এজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই।”
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, তালার মেলা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকাকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে সিসি ব্লক ব্যবহার অত্যন্ত কার্যকর।
তিনি আরও জানান, নদীর পাড় ভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণে কংক্রিট (সিসি) ব্লক ও জিও ব্যাগ বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নদীর তলদেশের মোটা বালি, পাথর ও সিমেন্টের সঠিক মিশ্রণে তৈরি এসব ব্লক পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং পোড়ানো ইটের তুলনায় সাশ্রয়ী। এগুলো মাটি ক্ষয় কমিয়ে পানির তীব্র স্রোতের বিরুদ্ধে নদীর পাড় রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।
তিনি বলেন, ব্লক তৈরিতে ব্যবহৃত বালু, সিমেন্ট ও পাথরের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী কাজ করছে এবং পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী একরাম হোসেন সার্বক্ষণিকভাবে কাজ তদারকি করছেন। পাশাপাশি তিনি নিজে, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী নিয়মিত সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন করছেন। ফলে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, কুয়েটের ল্যাবে ব্লকের নমুনা পাঠানো হয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে সংশ্লিষ্ট টিম পরীক্ষার মাধ্যমে গুণগত মান যথাযথ বলে প্রতিবেদন দিলে তবেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল পাবে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ