এসকে এম মনির, কালিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের জহুরুল হক অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন বলেন, “অপরিকল্পিতভাবে গাছ কাটার কারণে দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে, যা আমাদের সবার জন্যই বড় হুমকি।”
“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু আন্তর্জাতিক নয়, স্থানীয় উদ্যোগও জরুরি”—এ বিষয়ে সবুজ দল পক্ষে এবং লাল দল বিপক্ষে যুক্তি তুলে ধরে। তীব্র যুক্তি-তর্ক শেষে বিজয়ী হয় লাল দল। সেরা বিতার্কিক নির্বাচিত হন পূজা রানী সরকার।
পক্ষ দলের বিতার্কিক ছিলেন সুরাইয়া আক্তার মীরা, জান্নাতুল নাঈমা ও দলনেতা প্রমিতা কর্মকার; বিপক্ষ দলের ছিলেন মরিয়ম খাতুন, হারিসুন আক্তার মিম ও দলনেতা পূজা রানী সরকার।
বিচারকের দায়িত্ব পালন করেন ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লফনাজ পারভিন ও সিনিয়র শিক্ষক রবিনচন্দ্র লস্কর।
উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে নীলা পারভীন (৭ম শ্রেণি), আফসানা আক্তার মিম (৬ষ্ঠ শ্রেণি) ও ইয়াসমিন সুলতানা (৬ষ্ঠ শ্রেণি)।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস এম আকরাম হোসেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ