আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সাবেক আমীর, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নুরুল আমিনকে দাফন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র।
মরহুমের জানাজা নামাজ আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহ-সেক্রেটারিগণ, সাবেক সংসদ সদস্য এড. স ম সালাউদ্দিন, বিভিন্ন উপজেলা ও থানা আমির-নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা নেতারা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ।
ডাঃ নুরুল আমিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ